রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্যমতে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৩১ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে সর্বোচ্চ ১২০ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে আটক করেছে।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা-জানালায় ব্যবহৃত পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেমের ১৫টি টুকরা, একটি চাকু, একটি অ্যান্টি-কাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।