বরিশাল সফরে যাওয়ার পথে সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়ক এলাকায় প্রধানমন্ত্রীর মোটরকেডকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁরা শুভেচ্ছা জানান।
এ সময় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন, ভাঙ্গায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকার জনগণের আন্তরিকতা ও অংশগ্রহণের একটি প্রতিফলন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহের বহিঃপ্রকাশ। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাঁর বার্তায় ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করেন।