মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট এমবাপ্পের

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে লিওনেল মেসি গোল করতে না পারায় দুই গোলের ব্যবধানে শীর্ষে থেকেই আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিলেন তিনি।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছিলেন এমবাপ্পে। সেই ব্যবধান আর কমাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালে পুরো ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি।ফলে ২০২৬ বিশ্বকাপ শেষ করেন ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পে। অন্যদিকে মেসির ঝুলিতে জমা পড়ে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। গোলসংখ্যায় এগিয়ে থাকায় ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নেন ফরাসি সুপারস্টার।এই অর্জনের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক রেকর্ডও গড়েছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুইটি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন।এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও গোলের ধারাবাহিকতা বজায় রেখে আরও ১০ গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।বিশ্বকাপের শিরোপা এবার না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আরেকটি ইতিহাস গড়ে টুর্নামেন্ট শেষ করলেন ফরাসি এই গোলমেশিন।

মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট এমবাপ্পের