আজ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা, ফরিদপুরে দিনব্যাপী নানা আয়োজন
ফরিদপুরে আগামী বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হয়েছে।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ উৎসবের অংশ হিসেবে দেবতাদের সুসজ্জিত রথে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে প্রতিবছর এ আয়োজন করা হয়।আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে রথযাত্রা শুরু হবে। একই সময়ে চৌধুরী বাড়ি দুর্গা মন্দির আয়োজিত আরেকটি রথযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী অঙ্গনে মিলিত হবে।এছাড়া সকাল ১১টার দিকে গৌর গোপাল আঙ্গিনা থেকে আরেকটি রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। বিকেল ৪টায় ফরিদপুর ইসকন মন্দির-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আরেকটি রথযাত্রা, যেখানে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।রথযাত্রা উপলক্ষে ফরিদপুর ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের অংশগ্রহণে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান।উৎসবকে কেন্দ্র করে জেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। রথযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।