ফিফা সভাপতির বিরুদ্ধে বিচার হবে বাংলাদেশে! ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি
বিশ্বকাপ ফুটবলের মাঠে রেফারি ভুল সিদ্ধান্ত দিলে সাধারণত দর্শক গ্যালারি থেকে ভুভুজেলা বাজিয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন। কিন্তু নোয়াখালীর সুধারাম উপজেলার ২২ বছর বয়সী তরুণ মো. রাকিব যা করলেন, তা ফুটবল ইতিহাসের কোনো কিতাবে লেখা নেই। নিজের প্রিয় দল মিসরের পরাজয় সইতে না পেরে সরাসরি ফিফা (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ ঠুকে দিয়েছেন তিনি! শুধু তাই নয়, কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা আর ‘পূর্বপরিকল্পিত জালিয়াতি’র অভিযোগে ফিফার কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন এই নোয়াখাইল্লা ফ্যান।ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা রাকিব স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার হাইভোল্টেজ বিশ্বকাপ ম্যাচটি দেখছিলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর রাকিবের দাবি—ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া হয়েছে, মিসরের বৈধ গোল বাতিল করা হয়েছে এবং রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুবিধা দিয়ে ম্যাচটি জিতিয়েছেন। প্রিয় দল হেরে যাওয়ায় এবং "মানসিকভাবে চরম ভেঙে পড়ায়" বুধবার রাতেই তিনি লিখিত অভিযোগ নিয়ে হাজির হন থানায়। তার করা আসামির তালিকায় ১ নম্বর নাম—ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো! সঙ্গে রেফারি ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।এদিকে এই আন্তর্জাতিক মানের মামলা হাতে পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ তো আকাশ থেকে পড়েছে! থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, তরুণের অভিযোগ নিয়ে আসার বিষয়টি পুরোপুরি সত্যি। তবে আর্জেন্টিনার রেফারিং নিয়ে নোয়াখালী থানায় মামলা করার আইনগত এখতিয়ার যে বাংলাদেশের পুলিশের নেই, সেটি রাকিবকে বুঝিয়ে বলা হয়েছে। কোনো উপায় না পেয়ে পুলিশ তাকে পরামর্শ দিয়েছে—প্রয়োজন হলে সরাসরি আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) দ্বারস্থ হতে!থানা মামলা না নিলেও দমে যাওয়ার পাত্র নন নোয়াখালীর এই খাঁটি ফুটবল ভক্ত। আজ বৃহস্পতিবার সকালে রাকিব জানিয়েছেন, ওই ম্যাচের পর থেকে তিনি ও তার বন্ধুরা তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। নোয়াখালী থানায় কাজ না হওয়ায় তিনি এবার সরাসরি আদালতের দরজায় কড়া নাড়বেন। আর তাতেও কাজ না হলে প্রয়োজনে মানববন্ধনসহ আরও বড় কর্মসূচির ডাক দেবেন।সুইজারল্যান্ডের জুরিখের ফিফা হেডকোয়ার্টার্স হয়তো এখনো জানে না, নোয়াখালী থেকে তাদের জন্য কত বড় ৫ কোটি টাকার আইনি নোটিশ রেডি হচ্ছে!