মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, কোয়ার্টারে নরওয়ে

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন আবারও ভেঙে গেল ব্রাজিলের। শেষ আটে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, যিনি জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেন। ব্রাজিলের একমাত্র গোলটি আসে নেইমারের পেনাল্টি থেকে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। চতুর্থ মিনিটেই নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কয়েক মিনিট পর ব্রাজিলের ম্যাথেউস কুনহা বক্সের ভেতরে ফাউলের শিকার হলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন তিনি।তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার নেওয়া স্পট-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। এরপর ম্যাচে পাল্টাপাল্টি আক্রমণ চললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।বিরতির পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রসহ একাধিক খেলোয়াড় সুযোগ তৈরি করলেও নরওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন দুর্ভেদ্য।ম্যাচের ৭৯তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেডে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে হালান্ডের মোট গোলসংখ্যা দাঁড়ায় সাত, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের কাতারে নিয়ে যায়।যোগ করা সময়ের শেষদিকে আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল। এবার আর ভুল করেননি নেইমার। স্পট-কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করলেও প্রত্যাবর্তনের জন্য সেটি যথেষ্ট ছিল না।শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে নরওয়ে শিবির। ঐতিহাসিক এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে, আবারও হেক্সা মিশন অপূর্ণ রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, কোয়ার্টারে নরওয়ে