ওলিসের পায়ে ফ্রান্সের স্বপ্ন, পেলে-মেসির রেকর্ড কি এবার ভেঙে দেবে?
ফ্রান্সের বিশ্বকাপ অভিযানে কিলিয়ান এমবাপ্পের নাম যতটা আলোচনায়, ততটাই উজ্জ্বল হয়ে উঠেছেন মাইকেল ওলিসে। ফ্রান্সের কিংবদন্তি থিয়েরে অঁরি পর্যন্ত মন্তব্য করেছেন, এমবাপ্পে যদি দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) হন, তাহলে ওলিসে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় (MIP)।বিশ্বকাপে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে ওলিসে এখন ফুটবল ইতিহাসের কয়েকটি বড় রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি। সুইডেনের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করার পর চলতি আসরে তার মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে পাঁচটিতে। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টকারীদের তালিকায় উঠে এসেছেন।পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে ব্রাজিল কিংবদন্তি পেলের, যা তিনি গড়েছিলেন ১৯৭০ বিশ্বকাপে। পাঁচটি অ্যাসিস্ট নিয়ে পোল্যান্ডের রবার্ত গাদোচা, জার্মানির পিয়েরে লিটবারস্কি, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং জার্মানির থমাস হাসলারের পাশে এখন নাম লিখিয়েছেন ওলিসে। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে আর একটি অ্যাসিস্ট করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি, আর দুটি হলে গড়বেন নতুন ইতিহাস।শুধু বিশ্বকাপ নয়, ক্লাব ও জাতীয় দলের হয়ে এক মৌসুমে সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ডও হাতছানি দিচ্ছে এই ফরাসি মিডফিল্ডারকে। বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের হয়ে চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা পৌঁছেছে ৩২-এ। যৌথভাবে ৩৪টি অ্যাসিস্ট নিয়ে এই রেকর্ডের মালিক আছেন লিওনেল মেসি (২০১১–১২) এবং হুয়ান মাতা (২০১২–১৩)। অর্থাৎ আরও দুটি অ্যাসিস্ট করলেই তাদের পাশে দাঁড়াবেন ওলিসে, আর তিনটি অ্যাসিস্ট হলে নতুন মানদণ্ড স্থাপন করবেন।বর্তমান ফর্ম বিবেচনায় ওলিসের সামনে এই দুই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার বাস্তব সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের আক্রমণভাগে তার সৃজনশীলতা ও নিখুঁত পাস ইতোমধ্যেই দলকে বাড়তি শক্তি দিয়েছে। এখন দেখার বিষয়, শেষ ষোলোর ম্যাচেই ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বলভাবে লিখতে পারেন কি না এই উদীয়মান তারকা।সূত্র: ফক্স স্পোর্টস