বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

পরাজিত শক্তির চক্রান্ত মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন, রক্ত ও ব্যাপক আত্মত্যাগের বিনিময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই পরাজিত অপশক্তির যেকোনো চক্রান্তের বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পরাজিত শক্তিরা নানামুখী চক্রান্ত ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। সে কারণেই দলের চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে দুর্গাপূজার মতো এবারও বিএনপি একযোগে কাজ করবে, যাতে কেউ কোনো ধরনের উসকানি বা রাজনীতি করার সুযোগ না পায়।তিনি আরও বলেন, আজ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ। অতীতে যারা বিভাজন সৃষ্টির চেষ্টা করেছিল, তাদের চক্রান্ত সাধারণ মানুষ ধরে ফেলেছে। সাম্প্রতিক নির্বাচন ও ধর্মীয় উৎসবগুলোতে সব সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের এই মজবুত ঐক্যকে কোনো অপশক্তিই ভাঙতে পারবে না।প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশ ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার গঠনের পর থেকেই দরিদ্র মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পরবর্তীতে হেলথ কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, নদী-নালাকে সজীব করতে এবং বন্যা ও সেচ সংকট মোকাবিলায় সাবেক রাষ্ট্রনায়কদের শুরু করা ‘খাল কাটা কর্মসূচি’ দেশব্যাপী জোরালোভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দেশের প্রায় ১৫০টি উপজেলায় ৩০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর পুষ্টি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে বিএনপির পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেও একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।সংবাদমাধ্যমের সাথে আলাপকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

পরাজিত শক্তির চক্রান্ত মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রুহুল কবির রিজভী