বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে বরকত-রুবেলের বাড়িতে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ির আসবাবপত্র পুড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে সদর উপজেলার ব্রাহ্মণকান্দা ৬ নম্বর ওয়ার্ডে মানি লন্ডারিং মামলার আসামি ও ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং তাঁর ভাই, ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ অবস্থান করছিলেন না। পাশের বাড়ির বাসিন্দা নুরি ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে বরকত-রুবেলের বাড়িতে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি