ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনসমাগম, শুভেচ্ছা জানালেন এমপি শহিদুল ইসলাম বাবুল
বরিশাল সফরে যাওয়ার পথে সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়ক এলাকায় প্রধানমন্ত্রীর মোটরকেডকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁরা শুভেচ্ছা জানান।এ সময় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন, ভাঙ্গায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকার জনগণের আন্তরিকতা ও অংশগ্রহণের একটি প্রতিফলন।ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহের বহিঃপ্রকাশ। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাঁর বার্তায় ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করেন।