বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

সরকারি সফরে সালথায় আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ১ আগস্ট (শনিবার) ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি সফরে আসছেন। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৩টায় মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল ৪টায় সালথা ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় সালথা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরের শেষ পর্বে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সালথা উপজেলায় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে উপজেলার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

সরকারি সফরে সালথায় আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম