বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

ফরিদপুরে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান ও কঠিনতা, পরীক্ষা পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন বিষয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর তদারকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের অযৌক্তিক ক্ষতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান।পথসভায় বক্তারা বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তারা অভিযোগ করেন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও তারা মত প্রকাশ করেন।আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমান পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করতে পারছে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত এবং তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তার ও ফকির মোহাম্মদ রাইম।পরে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। এ সময় অল্প সময়ের জন্য সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। কর্মসূচি থেকে আগামী বুধবার দুপুর ১টায় একই স্থানে পরীক্ষা স্থগিত ও পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

ফরিদপুরে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল