বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।সোমবার (৪ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা গ্রহণ করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল প্রায় ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এনসিপির তৎকালীন যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করেন।এজাহারে উল্লেখ করা হয়, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।উল্লেখ্য, অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করে।