মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে যেতে ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলে থাকা এলাকা পরিদর্শনকালে সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
ইয়াল জামির বলেন, বিভিন্ন সীমান্তে চলমান সংঘাত এখনো শেষ হয়নি। তাই সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে। পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত এবং কার্যকরভাবে পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরাইলি বাহিনীর রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও সতর্ক করে বলেন, প্রয়োজন হলে লেবাননের ভেতরে আরও গভীর পর্যন্ত অভিযান চালাবে ইসরাইলি সেনাবাহিনী এবং নতুন নতুন এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানো হবে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এখনো ইসরাইলি বাহিনী অবস্থান করছে। একই সময়ে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চললেও সীমান্ত এলাকায় ইসরাইলের বিচ্ছিন্ন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ইসরাইলের এই অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: আল-জাজিরা।