ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের সামনে ফরিদপুর-মাগুরা মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থী স্কুল ছুটির পর একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে কানাইপুর আখ সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও অটোরিকশার চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সোয়াদ (১৭)-কে মৃত ঘোষণা করেন। তিনি ফরিদপুর সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকার মিজানুর রহমান মামুনের ছেলে।
আহতদের মধ্যে তৌহিদ হোসেন (১৭)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মো. শাওন (১৭) এবং যশোর জেলার বাসিন্দা অটোরিকশাচালক মো. মফিজ (৬৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।